তোমার জন্য ফাই ফরমাস খেটেও
গরিমায় মাটিতে পা পড়ে না
শূন্যতা লাফিয়ে ওঠে, পা টলে যায়
শৌখিনতা শীতলপাটি বিছিয়ে দেয়
ফন্দি ফিকির চলতে থাকে, আহামরি
বেদুঈন এক জ্যোৎস্না রাতে চাঁদ হয়ে হাঁটে
মরুভূমি জেগে ওঠে
উদরপূর্তির মত আত্মঘাতী সত্য আর কিছু নেই
একা একা উৎসব পায়ে পায়ে হাঁটে
ছারপোকা ঘুরে বেড়ায়
পরিণত বয়সে সম্ভ্রম শেখায় ধর্মের ষাঁড়!
ভাত কাপড়ের চিন্তা তড়পায় না
লোভ ও ভয় বেকার মেয়েকে পোড়ায়
চণ্ডাল,চণ্ডাল।
লুন্ঠিত বিশ্বাস ফিরে আসে,
এ যেন রূপকথা আর ইন্দ্রজাল
ভিক্ষে করে ভালোবাসা গান গেয়ে যায়
অন্ধনিয়তি ধমনী তোলপাড় করে
রক্তের রং নীল হয়ে যায়
চাকরি খুঁজতে হয়রান ---
কয়েক জোড়া চটি মুচির ঘরে যায়
ধনুকের ছিলার মত ছিটকে ওঠে সুবোধ বালক
অর্থনীতিকে সে বাগ মানাতে পারেনা
চাঁপাফুলগুলো তবুও ফোটে
শূন্য ভাঁড়ারে ধান ভরে যায়
অলৌকিক কিছু মায়া ঝুলতে থাকে
প্রতিবিম্ব সরে যায়
ভেঙে যাওয়া মানুষের ফুসফুসে বাতাস এসে লাগে
শাম্পান দৌড়ে চলে...
No comments:
Post a Comment