Thursday, 1 November 2018

নদী ও ছায়াপথ / স্মৃতি পাল নাথ 🌱🌿🍁🐟🐠🌧🏵🌾🍁🌷

একা একা পথ হেঁটে
আমার ভেতরে তৈরি হয়ে গেছে
     এক আশ্চর্য্য সৈনিক
কুচকাওয়াজের শব্দে ঘুম ভাঙে
বাতাস কাছে এসে ফিসফিস করে
তোর ঘোড়াটা কোথায়? 
সহিস আমি নিজেই
স্বপ্নলোকে পাড়ি দিই
ভুল করে উড়তে থাকে ধুলোবালি
গ্রীষ্মে রোদদিনে আওয়াজ শুনি
       এক মুগ্ধ বালিকার
শৈশবের ঘোড়সওয়ার
আজ হেঁটে হেঁটে
নদীর কাছে যায়
পলি মাটি বালুচর দেখে
নদীর ভাঙনকে ভুলে যায়
গান হয়ে ভাসে ঘরদোর
জলের বারতা নেই
নদী এসে ওঠে ঘরে
তাকে কি বলবে বলো? 
সর্বাঙ্গে পাতামোড়া গাছটি
দগ্ধদিনের ভয়ে জড়োসড়ো
শ্যাওলা গজায় শানবাঁধানো পুকুরঘাটে
নদী অসম্ভব শান্ত স্বরে ঘরময় হাঁটে
তার পায়চারি ভালোবাসার সঙ্গে
নিশ্চুপে ঢুকে যায়
মনের ভেতর স্বপ্ন দেখায়
নদীটির নাম জল্পনা-কল্পনা।
পরখ করি তার কন্ঠস্বর
পায়ে বেঁধে দিই নুপুর
কানে কলকব্জার মত দু'টি দুল
সবই মানায় তাকে
বাঁধনছেঁড়া যাকে পেয়েছি কাছে
বাজপাখিরা ওৎ পেতে রয়েছে দেখে
সতর্ক হয়ে যায় নদীটির বেগ
দুরূহ স্বপ্ন ওম দেয় বুকের কাছে
যেভাবে তাকে রাখি বিবর্ণ হতে চায়না সে
হাত বাড়িয়েও তার নাগাল পাই না
তবু বুঝতে পারি
অমোঘ এক নদী পায়ে পায়ে পা মেলায়
আসলে উচ্চাকাঙ্ক্ষা
স্বপ্ন বলে তাকে গণনা করি
হিম্মত দেয় সে বড়ো।
প্রায়ই আমাকে বলে, যাবি আমার সঙ্গে?

আত্মনির্ভরতা আমাকে প্রশ্রয় দেয়
সমুন্নত শিরে মুকুট পরায়
সৌভাগ্যের মতো রোদ
উঠেছে আজ ভালবাসার  চত্বরে
আমি ছাই তার কি জানি
অন্ধকার ধুয়ে ফেলতে পারি
আলো নেই?
চাঁদ হয়ে যায় গোপন কাণ্ডারি
চাঁদের বুকে জমেছে মেঘ বিষণ্ণ কৌতুকে
কাছাকাছি চলে আসে এক ময়ূরী
পেখম মেলে একা একা পথ হেঁটে
ধনতান্ত্রিক ব্যবস্থাকে মেপে দেখে লক্ষ মানুষ
দিকে দিকে অরণ্য হারায় নিমেষে
সবুজের হাততালি গরিমা হয়ে মেশে
তার সঙ্গে নেই আড়ি।

হর্ষধ্বনি দিতে দিতে কারা যায়
বনভোজনে
দিব্যকাল এগিয়ে আসে
হাহাকার কোন দিকে? 
পাহাড়,ঝর্না, বৃক্ষরাজি
জঙ্গলজুড়ে সূর্যের আলো
নদী একটি বইতে থাকে
অরণ্য হাসে।
অধ্যাবসায় ছিঁড়েখুঁড়ে পাল্টি খায় ভবিষ্যৎ
আর্তনাদে পথ ভেসে যায়
বিবেকঘরে ধুলোবালি জমতে থাকে,কেমন আছো?
নীলবিষ,
সৌভাগ্যের মাঝে চুপটি করে বসে থাকে
চাঁদবুড়ি জ্যোৎস্না নেভায়
যখন তখন ছায়াপথ খুব কাছে চলে আসে
বাবার কথা মনে পড়ে
দুপুররাতে আকাশেতে
ছায়াপথ চিনিয়েছিলেন বাবা
আমি পথ হারাইনি গো।

No comments:

Post a Comment

ছদ্মবেশে / স্মৃতি পাল নাথ

প্রতিধ্বনির মত কিছু কথা ভাবায় ফুটে থাকে চিন্তার অলিন্দে রং হয়ে ওড়ে বসন্ত বাতাসে কিছু কাঁচপোকা ঘুরে পৌষের মাঠে খড়ের গন্ধ লেগে থাকে হেমন্...