Thursday, 13 December 2018

বিদূষক সময় / স্মৃতি পাল নাথ 🚣⛵🛥🛳👫

শব্দে বর্ণে হোঁচট খেয়ে
নষ্টচন্দ্র বিপাকে পড়ে
নড়েচড়ে বসে দোদুল্যমান সময়
নজরানার চল নেই
উপঢৌকন কাকে দেবে
সেই রাজাও তো নেই
নটঘট চলে যত
অবৈধ প্রণয়ে লিপ্ত
নত মস্তকে চলেন তিনি
সজাগ হয় নন্দনকানন
নিটোল এক গল্প লেখা
আর হয়ে ওঠে না
দ্যূতক্রীড়ায় ব্যস্ত সাধুবেশী নরেন্দ্র
একের রথে অন্যের অশ্ব জুড়ে
গন্তব্যস্থানে পৌছে যাওয়া
আকাঙ্ক্ষিত যে সত্য
বৈদান্তিক জানে তা

একটু একটু করে দীর্ণ হতে থাকে
মোহ প্রেম মায়া
এক বিদূষক ঘুরে ফিরে সকলকে হাসায়
নাটক জমে ওঠে
চাঁদোয়া ঘিরে পটমণ্ডপ
যজ্ঞ চলে অনির্বাণ
উৎসব ভোজ শেষ হয়ে যায়
বিদূষী ফিরে একা
তর্ক বিতর্কের আসর বসায়
সভাসদ ভড়কে যায়
বিড়ম্বনা সহ্য করে অবাক দিনগুলি
দ্রুত চলে যায়
নিন্দামন্দ চলতে থাকে
যজ্ঞে আহুতি দেয় রসিক জনতা
বিদঘুটে দিনগুলি লাফাতে থাকে
খুব কাছে চলে আসতে চায়
ভাঙানি চলে মলোমালিন্য ঘটায় ললনা

ভাস্বতী দেখে যাও তুমি
চাঁদের আভা পড়ছে বিগলিত মাঠ ঘাট
হাস্নুহানা চাঁপার বন গন্ধে কেমন মশগুল
সবকিছু তো অনুবাদ হয় না
তর্জমায় ধরে রাখি কথকের ব্যাখ্যান
নিরুপমা জানো, ঝর্নাগুলো বনের পথে
কীভাবে হারায়
বনের ধারে একটি বাড়ি, বনতলে,
তৈজসপত্র কিন্তু কিচ্ছু নেই
ফুলগুলি আকঁড়ে থাকে তাকে
হাওয়ার রূপ বদলে যায়
পাথর ভেঙে জীবন কাটে অজস্র মানবের অন্তঃপুরে সাড়া পড়ে
চারিদিকে খবর ওড়ে

সাজঘর পড়ে থাকে
যোগসাজস চলে মঞ্চে
রূপকথায় দিন কাটে
সাত সমুদ্র তেরো নদী ছাড়িয়ে
বহু দূরবর্তী এক পথের সন্ধান
মেলে কি মেলে জানা নেই
অমৃতা, তুমি শুধু দেখে যাও
জলের রং নীল না, লাল গেরুয়া
কাল সমুদ্র গর্জন করে,
নগণ্য আমরা
খড়কুটোও হাতে থাকে না
ভেসে যাওয়া, ঘূর্ণি
আছড়ে পড়া জল জানে তা
জলঘর দেখা যায়
অমৃত আহ্বান
বাঁশি এক বাজে মনে পুলক, সুর
চঞ্চল দখিনা বাতাস
তবু পরাকাষ্ঠা দেখায়
জাতক ধীর পায়ে চলে
বন থেকে বনান্তর চলা আর ফেরা
আশ্রম কুটীর, অভ্যন্তরে একা জাগে
ঈশ্বরীয় সত্তা
তাকে চেনাজানা আর হল কই

বড় কোলাহল ভিতিভিতি চৌদিকে
কলকল জল চলে
সমুদ্র ফিরে চলে
নশ্বর দেহে ঝুলকালি লেগে থাকে
তোমরা দেখে যাও রে
দেখে যাও গানের ঝুমে জেগে থাকি আমরা
দিন যায় দিবসযামিনী ফিরে তাকায়
ভালোও তো বাসে
নয়তো বেঁচে যাই কীভাবে
দুর্দশায় বিদীর্ণ  প্রাণ
অমানিশা তো কাটেই
খণ্ডপ্রায়, উদ্বেল
স্রোত চলে
আহার সামনে পড়ে থাকে
ভোজ চলে হরেক রকম
নিমপাতা ভাজা চিবোয় অদৃষ্ট
সাতখুন মাফ হয়না কখনও
নষ্টচন্দ্র, নষ্টচন্দ্র কলঙ্কের শোভা বাড়ায়

No comments:

Post a Comment

ছদ্মবেশে / স্মৃতি পাল নাথ

প্রতিধ্বনির মত কিছু কথা ভাবায় ফুটে থাকে চিন্তার অলিন্দে রং হয়ে ওড়ে বসন্ত বাতাসে কিছু কাঁচপোকা ঘুরে পৌষের মাঠে খড়ের গন্ধ লেগে থাকে হেমন্...