স্মৃতি পাল নাথ
দামামা নয়, বাঁশি – বাঁশি বাজুক
তমাল বনে তোর
প্রতিটি দিন বৈষ্ণব পদাবলী
রূপ, রস, বর্ণ গন্ধে বিভোর
বাড়ির কাছেই আরশিনগর
আমাদের দেখা হয় নাই কিছুই
প্রেম,এছাড়া তোমাকে দেওয়ার মত
আমার যে আর কোনও দানপত্র নেই ।
দাবিদাওয়াশূন্য ভালোবাসায় দর্পণে
বিবিধ খসড়া
চারিদিকে ভ্রামরী মিত্রতা,
মায়ামহল, নদী নারী ও বিষ
ফুল দেখে বৃক্ষ চমকায়
মানবসভ্যতা সাজায় মঙ্গলঘট,
ভূর্জপত্রে কৃপাণ, নীলকমল
মহাকাল আড়চোখে চায়, সুর ছন্দ ও তাল
ত্রিনয়ন থেকে আলো চুইয়ে পড়ে
প্রতিদিন
পরমান্ন জোটে । আহরণে দিন যায়
অন্নপূর্ণা
রোদ, জল, বৃষ্টির অন্বয়ে বেঁচে
থেকো ভালবাসা
বেঁচে থেকো বাবুইপাখি, তালগাছ ।
ঝড়ের অহমিকা
মনসামঙ্গল তরঙ্গে সর্বংসহা ভালবাসা
তোমার জন্যই মেঘ হই, হই বৃষ্টি,
চর্যাগান
হংসবলাকা,
ছন্দে বিভোর । সর্বস্বান্ত চাঁদ
জীবনপাত্র যায় উচ্ছলিয়া
সেলাম, তোমারে সেলাম ।
No comments:
Post a Comment