অমৃতকুম্ভ নিয়ে ফিরি
বাড়ি কোনটি? দেখাও তুমি
দু'দণ্ড জিরোতে পারি
গানের মধ্যে চিনতে পারি
স্থায়ী কিংবা সঞ্চারী
শাম্পান ছুটে চলে
অন্তরা-আভোগ ভুলে
ছুটতে থাকি
চেটেপুটে দুঃখ খাই
পাখি খুঁটে গাছের বীজ
ঠিকানা ভুলে যাই
ধনুকের মতো উঠে দাঁড়াই
যুদ্ধক্ষেত্র থেকে পালাই
গাছে গাছে আলো ফোটে ফুল হয়ে ঝরে
দরজা খুলে বেরিয়ে আসে বাল্যকাল
রহস্য- দরজা দুলতে থাকে
পথে বেরোই
ধানক্ষেত ফুটে ওঠে প্রান্তর জুড়ে
তেপান্তরের ঘোড়াগুলি টগবগিয়ে আসে
হেঁটে যায় এদিক ওদিক ঠুকোর খায়
আমার কাছে এলে পরে
রাজমহিষী আড়চোখে চায়
গাছগুলি সব জেগে থাকে সবুজ হয়ে
পাখির চলা দেখতে পেয়ে ফুঁপিয়ে ওঠে
তোমায় আমি চিনতে নারি!
একটি সৈনিক মন আছে
যুদ্ধক্ষেত্র আমার ভেতর লুকিয়ে কেবল নাচে
নক্সীকাঁথা বুনছে কেউ
সোনামুখী সূঁচ দাও
ফোঁড় তুলি, এঁফোড় ওফোঁড় হয়ে যাই
তল্পিবাহক স্মৃতিগুলি সমঝে চলে
আমার থেকে
সম্পর্কগুলি ফুলের মত ফুটতে থাকে
ফোঁটা ফোঁটা জল কুড়োই
চোখ তা জানে
উঁচুজমি টিলাপথে মহাদেব বাড়ি
দেখা যায় কোনখানে
দু'হাতে ছড়ানো কাঁটা ডিঙিয়ে যাই
কি ভেবেছো চুপসে যাই?
বেলুন ফুলাই রীতিমতো উড়াই
তার চেয়েও বেশি ঘুড়ির মত
বাঁচতে জানি লাটাই হাতে
ভাগ্য করে বিকিকিনি
ধপাস হয়ে স্বপ্নরা সব মুখ ভ্যাংচায়।
আলুথালু জীবনযাপন
ভয় পেয়োনা ছায়াসঙ্গী
অতিপ্রাকৃত ছায়া পড়ে
ছিন্নভিন্ন সুরে আমি গেয়ে উঠি
কোন ইশারা পেলে তুমি
চাঁপার বনে এগিয়ে যাবে
চালতাগুলি কুড়িয়ে নিই
শিশুগুলি সঙ্গে চলে
ননদের মেয়ে, দেওরের মেয়ে ও ছেলে সঙ্গে চলে
ধানের খেতে মেঘের সঙ্গে চালতা বনে,ঝিলের পথে
জানো, আমাদের একটি ঝিল আছে
লৌকিক নাম আনোয়া তার
পাখিগুলো উড়ে চলে
নীল শাপলা লাল পদ্ম হলুদ কুঁড়ি ফুটে ওঠে
পানিসিঙারা কাঁটা দেখায়
তুলতে গেলে লাগে বড়ো
দেওরঝিরা এগিয়ে আসে
জ্যেঠিমণি লাগবে গো!
ঝিলে আমরা পা ভিজাই
মাছগুলো খেলা করে
তাকিয়ে দেখি জোঁকগুলি সব তেড়ে আসে
পালাই বড়ো।
ডাহুক তিতির বালিহাঁস সঙ্গ ধরে
বেরাবাক গ্রাম, কাপ্তানপুরে রাজার বাজার
যেখানে যাই নৌকা করে
ননদিনী সঙ্গে থাকে কয়েকজনা
তাদের সঙ্গেও ছিলাম বেশ বহুবছর
বুকের ভেতর ঢেঁকির পাড়,
ঢেঁকিশালা খুলে যায়
জানো, আমি গাঁয়ের বৌ
সঞ্জীবনী সুধা আছে
লুকিয়ে রাখি!
উৎসুক লোক দেখবে জানি
পদ্য খোলে আমার ভেতর আরশি জাগে
রাত্তিরদিন অবিরল। বৃষ্টি পড়ে
কাঁঠাল বনে পিঁপড়ে হাঁটে সারিসারি, কামড়ে দেয়
হুঁশ আসে। উদ্ভিদ জীবন দেখে দেখে সবুজ হই
লাল দরজা খুলে আসে গাঁয়ের বৌ
একে আমি চিনতে পারি
স্মৃতি তুমি!?
No comments:
Post a Comment